কোটিপতি দিলীপ ঘোষ: ১০ বছরে বিপুল বৃদ্ধি স্থাবর-অস্থাবর সম্পত্তির, সামনে এল হলফনামার তথ্য

মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে শনিবার মনোনয়ন জমা দিয়েছেন। ২০১৬ সালে প্রথমবার নির্বাচনে লড়ার ১০ বছর পর আবারও একই আসনে ফিরলেন তিনি। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, গত এক দশকে তাঁর সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পেশায় বিজেপি হোলটাইমার দিলীপ এবং তাঁর ব্যবসায়ী স্ত্রী রিঙ্কু মজুমদারের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকায় পৌঁছেছে।
হলফনামার তথ্য অনুযায়ী, দিলীপ ঘোষের বর্তমান স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট মূল্য প্রায় ২ কোটি ১০ হাজার টাকা। তাঁর নামে রাজারহাট ও কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় ফ্ল্যাট ছাড়াও মেদিনীপুরে পৈতৃক বাড়ি ও কৃষিজমি রয়েছে। বর্তমানে তাঁর হাতে নগদ সাড়ে তিন লক্ষ টাকা এবং বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ রয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার প্রায় ৯৩ লক্ষ টাকার সম্পত্তির মালিক, যার মধ্যে রাজারহাটে একটি ফ্ল্যাট এবং অফিসবাড়ি অন্তর্ভুক্ত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতায় দিলীপ ঘোষ ১৯৮৩ সালে আইটিআই থেকে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাশ করেন। তবে তাঁর রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি আইনি জটিলতাও বর্তমান। হলফনামায় তিনি জানিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ২৮টি এফআইআর রয়েছে। এর মধ্যে বিধাননগর এমপি-এমএলএ আদালতে আটটি মামলা বিচারাধীন। তাঁর বিরুদ্ধে দাঙ্গা বাঁধানোর চেষ্টা এবং খুনের হুমকির মতো গুরুতর অভিযোগ থাকলেও ব্যক্তিগত কোনো ঋণের বোঝা নেই এই প্রার্থীর।