কোমায় আচ্ছন্ন মোজতাবা খামেনেই! ইরানের নতুন সুপ্রিম লিডারের শারীরিক অবস্থা নিয়ে ঘনীভূত রহস্য

কোমায় আচ্ছন্ন মোজতাবা খামেনেই! ইরানের নতুন সুপ্রিম লিডারের শারীরিক অবস্থা নিয়ে ঘনীভূত রহস্য

ইরানের রাজনৈতিক আকাশে চরম অনিশ্চয়তার কালো মেঘ। মার্কিন ও ইজরায়েলি গোয়েন্দা রিপোর্টের এক চাঞ্চল্যকর দাবি অনুযায়ী, দেশটির নতুন সুপ্রিম লিডার ৫৬ বছর বয়সী মোজতাবা খামেনেই বর্তমানে কোমার কবলে। শিয়াদের পবিত্র শহর ‘কোম’-এ তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ‘দ্য টাইমস’-এ প্রকাশিত একটি গোপন কূটনৈতিক মেমোতে দাবি করা হয়েছে, মোজতাবা বর্তমানে এমন শারীরিক অবস্থায় নেই যে দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তার অবস্থান প্রকাশ্যে আসায় তেহরানের অন্দরে ক্ষমতার রাশ কার হাতে, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইজরায়েলি ফৌজের ভয়াবহ বিমান হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আলি খামেনেই, তাঁর স্ত্রী ও পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু হয়। যুদ্ধের সেই রক্তক্ষয়ী প্রথম দিনেই মোজতাবা খামেনেই গুরুতর জখম হয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। বাবার মৃত্যুর পর মার্চ মাসের শুরুতে তাঁকে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হলেও, দীর্ঘ সময় ধরে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। সম্প্রতি তেহরান একটি ভিডিও প্রকাশ করে তিনি সুস্থ আছেন বলে দাবি করলেও, গোয়েন্দাদের মতে ওই ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

গোয়েন্দা সূত্রগুলো আরও দাবি করেছে যে, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে কোমে আলি খামেনেইয়ের জন্য একটি বিশাল সমাধিসৌধ তৈরির কাজ দ্রুতগতিতে চলছে। সেখানে একাধিক কবরের জায়গা রাখা হয়েছে, যা মোজতাবার সংকটজনক অবস্থার দিকেই ইঙ্গিত দিচ্ছে। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, তাঁর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে যেকোনো সময় বড় কোনো ঘোষণা আসতে পারে।

যদিও এই বিস্ফোরক রিপোর্টের প্রেক্ষিতে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর নামে বিবৃতি পাঠ করা হচ্ছে, অন্যদিকে তাঁর গুরুতর অসুস্থতার খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। পশ্চিম এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের এই অনিশ্চয়তা আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *