ক্যান্সার পরবর্তী লড়াইয়ে ক্লান্ত দীপিকা কক্কর, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে অভিনেত্রী

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে ক্যানসারের জটিল চিকিৎসা ও অস্ত্রোপচার পরবর্তী ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। সম্প্রতি তাঁর শরীর থেকে একটি সিস্ট অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। স্বামী শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, দীপিকাকে এখন কঠোর ডায়েট ও নির্দিষ্ট রুটিন মেনে চলতে হচ্ছে। তবে দীর্ঘ লড়াইয়ের ক্লান্তি ও আগামী দিনের ইমিউনোথেরাপি নিয়ে অভিনেত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে দীপিকা বলেন, মাঝেমধ্যে ক্লান্তি এতটাই বেড়ে যায় যে তিনি নড়াচড়াও করতে পারেন না। মানসিকভাবে সুস্থ থাকা এই লড়াইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন। গত চার সপ্তাহ আগের অস্ত্রোপচারের পর এখন তাঁর রক্ত পরীক্ষার সময় এসেছে। এই রিপোর্টের ফলাফল নিয়ে দীপিকা ও তাঁর পরিবার যথেষ্ট উদ্বিগ্ন ও কিছুটা ভয়ার্ত অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে দীপিকার শরীরে স্টেজ-২ লিভার ক্যানসার ধরা পড়েছিল। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর লিভারের ২২ শতাংশ অংশ বাদ দিতে হয়। কঠিন সেই সময় পেরিয়ে দীপিকা এখন স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ভক্ত ও পরিবারের নিরন্তর সমর্থনই এখন তাঁর প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে।