ক্রিকেট ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে যুবকের মৃত্যুর ঘটনায় ২২ বছর পর সাজা ঘোষণা
February 28, 202611:25 am

২০০৪ সালে বলাগড়ের নিত্যানন্দপুরে এক ক্রিকেট ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের জেরে দিবাকর মন্ডল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২২ বছর পর রায় দিল চুঁচুড়া আদালত। দীর্ঘ প্রতীক্ষিত এই মামলায় সাতজন অভিযুক্তকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার দিন খেলা নিয়ে বিবাদের জেরে লোহার রড ও বাঁশ দিয়ে দিবাকরকে বেধড়ক মারধর করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর মোট ১৪ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়।
চুঁচুড়া আদালতের সেকেন্ড ফাস্ট কোর্টের বিচারক দেবাশিষ সাঁতরা দোষীদের সাজা শুনিয়েছেন। রায়ে ছয়জনকে সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং একজনকে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।