খগেশ্বরের অভিজ্ঞতা ও স্বপ্নার তারুণ্যেই রাজগঞ্জের উন্নয়ন: অঙ্গীকার অভিষেকের

জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে আয়োজিত জনসভায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজবংশী কন্যা তথা ক্রীড়াবিদ স্বপ্নার প্রার্থী হওয়ার পথে কেন্দ্র বাধা সৃষ্টি করেছিল বলে অভিযোগ তুলে তিনি জানান, আইনি লড়াই জিতেই স্বপ্না আজ ময়দানে। এদিন অভিষেক স্পষ্ট করেন, বর্ষীয়ান নেতা খগেশ্বরের অভিজ্ঞতা ও স্বপ্নার তারুণ্যকে পাথেয় করেই রাজগঞ্জের আসামাপ্ত উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন করা হবে।
গত ১৫ বছরে এই এলাকায় সার্কিট বেঞ্চ, পলিটেকনিক কলেজ এবং ২০টি সেতু নির্মাণসহ নানা সামাজিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন অভিষেক। লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা ও কৃষক বন্ধুর মতো প্রকল্পের সুবিধাভোগীদের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, মোদি সরকার সাধারণ মানুষের থেকে ছিনিয়ে নিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হাতে সাহায্য পৌঁছে দিচ্ছেন। নোটবন্দি ও এনআরসি ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে তিনি সাধারণ মানুষকে ব্যালটে জবাব দেওয়ার আহ্বান জানান।
রাজগঞ্জের কৃষিভিত্তিক অর্থনীতির কথা মাথায় রেখে অভিষেক আগামীতে এখানে কোল্ড স্টোরেজ এবং একটি ফায়ার স্টেশন তৈরির প্রতিশ্রুতি দেন। স্বপ্নার জয় নিশ্চিত হলে এক মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি ঘোষণা করেন। রাজবংশী ভাবাবেগ ও স্থানীয় উন্নয়নের ইস্যুকে অস্ত্র করে আগামী নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।