খড়গপুর সদরে প্রার্থী হয়েই জয়ের হুঙ্কার দিলীপ ঘোষের, ভাঙতে চান নিজের রেকর্ড

খড়গপুর সদরে প্রার্থী হয়েই জয়ের হুঙ্কার দিলীপ ঘোষের, ভাঙতে চান নিজের রেকর্ড

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতেই নিজের পুরনো কেন্দ্র খড়গপুর সদরে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সোমবার তালিকা ঘোষণার পর মঙ্গলবারই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি, এবার ফের সেই চেনা লড়াইয়ের ময়দানে ফিরছেন হেভিওয়েট এই বিজেপি নেতা।

এদিন নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, খড়গপুর সদর কেন্দ্র গত নির্বাচনগুলোতে বিজেপিকে লিড দিয়েছে। এবার তাদের প্রধান লক্ষ্য হলো নিজেদের আগের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া এবং অন্তত ১ লাখ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করা। হিরণ চট্টোপাধ্যায় বা দলের অভ্যন্তরীণ অসন্তোষ প্রসঙ্গে তিনি জানান, কাকে কোথায় কাজে লাগানো হবে তা দলই ঠিক করে এবং দলীয় সিদ্ধান্তের ওপর সকলের ভরসা রাখা উচিত।

রাজ্যের আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ চড়িয়ে তিনি বলেন, যে দলে জয়ের সম্ভাবনা যত বেশি থাকে, সেখানে আকাঙ্ক্ষাও তত বেশি থাকে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাড়তি চাপ তৈরির কৌশল হিসেবে বিজেপি এবার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে ‘স্মার্ট’ পদক্ষেপ নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে নন্দীগ্রাম সহ অন্যান্য স্পর্শকাতর কেন্দ্রগুলোতেও দলের শক্তিবৃদ্ধি নিয়ে তিনি আশাপ্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *