খণ্ডঘোষে তৃণমূলের প্রার্থী তালিকায় অসন্তোষ, বিধায়কের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান ও গণ-ইস্তফার হুমকি

খণ্ডঘোষে তৃণমূলের প্রার্থী তালিকায় অসন্তোষ, বিধায়কের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান ও গণ-ইস্তফার হুমকি

২০২৬-এর বিধানসভা নির্বাচনে খণ্ডঘোষ আসনে বর্তমান বিধায়ক নবীনচন্দ্র বাগকে পুনরায় প্রার্থী করায় চরম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসে। ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়ের নেতৃত্বে দলীয় কার্যালয়ে সরব হয়েছেন কয়েকশ কর্মী-সমর্থক। বিক্ষুব্ধ শিবিরের স্পষ্ট দাবি, নবীনচন্দ্র বাগকে কোনোভাবেই প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বদল করতে হবে।

বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, দলের পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের অবহেলা করে অন্য দল থেকে আসা ব্যক্তিদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, একাধিক পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিসহ স্থানীয় নেতৃত্ব দলীয় পদ থেকে গণ-ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁরা সাফ জানিয়েছেন, প্রার্থী পরিবর্তন না করা হলে সমস্ত দলীয় কর্মসূচি বয়কট করা হবে এবং প্রয়োজনে তাঁরা রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

উল্লেখ্য, নবীনচন্দ্র বাগ অতীতে বাম শিবিরের বিধায়ক থাকলেও পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়ে দু’বার নির্বাচিত হন। বর্তমানে ‘পুরনো বনাম নতুনের’ এই দ্বন্দ্বে খণ্ডঘোষের রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে উঠেছে। এই বিক্ষোভ ও গণ-ইস্তফার হুমকি প্রসঙ্গে প্রার্থী নবীনচন্দ্র বাগের কোনো প্রতিক্রিয়া মেলেনি। নির্বাচনের মুখে এই অভ্যন্তরীণ বিদ্রোহ সামাল দিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *