খাবার ডেলিভারিতে বাড়ছে খরচ, জোম্যাটোর পর প্ল্যাটফর্ম ফি বাড়াল সুইগি
.jpeg.webp?w=700&resize=700,462&ssl=1)
অনলাইনে খাবার অর্ডার করা এখন আরও ব্যয়বহুল হয়ে উঠল। জোম্যাটোর পথ অনুসরণ করে এবার প্রতিটি অর্ডারের ওপর প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করল জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা সুইগি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপের রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নসহ পরিচালনগত খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সংশোধিত হার অনুযায়ী, সুইগির প্ল্যাটফর্ম ফি ১৪ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৭ টাকা ৫৮ পয়সা (জিএসটি-সহ) করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি অর্ডারে গ্রাহকদের প্রায় ১৭ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। বর্তমানে অ্যাপের চেকআউট পেজে এই নতুন ফি কার্যকর করা হয়েছে, যা সরাসরি গ্রাহকদের মাসিক বাজেটে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি জোম্যাটো তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে ১৪ টাকা ৯০ পয়সা (জিএসটি বাদে) করার পর সুইগিও একই পদক্ষেপ নিল। তবে এই বর্ধিত মূল্যের বাজারে নতুন প্রতিযোগী হিসেবে ‘র্যাপিডো’ তাদের নতুন পরিষেবা ‘ওনলি’ (Ownly) শুরু করেছে, যেখানে কোনো অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি নেওয়া হচ্ছে না। বাজারের এই প্রতিযোগিতা ভবিষ্যতে গ্রাহকদের জন্য স্বস্তির কারণ হয় কি না, সেটাই এখন দেখার।