খামেনেইয়ের মৃত্যু: বিদেশি স্লিপার সেল সক্রিয় করতে ইরানের গোপন বার্তা, দাবি আমেরিকার

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর বিদেশে ছড়িয়ে থাকা স্লিপার সেলগুলোকে সক্রিয় করার অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের দাবি, খামেনেইয়ের মৃত্যুর পরপরই ইরান থেকে একাধিক দেশে এনক্রিপ্টেড বা গোপন সংকেত পাঠানো হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই অস্বাভাবিক রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্ত করলেও বার্তার মূল বিষয়বস্তু এখনও উদ্ধার করতে পারেনি।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই গোপন বার্তা আদান-প্রদানে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের বদলে বিশেষ রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে কেবল নির্দিষ্ট প্রাপকই বার্তার অর্থ উদ্ধার করতে সক্ষম, যা তৃতীয় পক্ষের পক্ষে জানা আসাম্ভব। মূলত গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী অত্যন্ত গোপনীয় তথ্য আদান-প্রদানের জন্য এই কৌশল অবলম্বন করে থাকে।
খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ ও হাউথিদের মতো সংগঠনগুলোকে ব্যবহার করে হামলা জোরদার করেছে। বিশেষজ্ঞদের ধারণা, এই গোপন বার্তার মাধ্যমে ইরান বিশ্বজুড়ে তাদের সুপ্ত স্লিপার সেলগুলোকে সক্রিয় করে বড়সড় নাশকতার পরিকল্পনা করছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো।