খালি বোতলের আড়ালে ২০০ কেজি গাঁজা! আমডাঙায় পুলিশের জালে রাজস্থানি পাচারকারী
February 27, 202612:00 pm

আমডাঙা: উত্তর ২৪ পরগনার আমডাঙায় উদ্ধার হলো বিপুল পরিমাণ মাদক। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর পুরাতন রেজিস্ট্রি অফিসের কাছে একটি ইঞ্জিন ভ্যান আটকে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ভ্যানটি ভর্তি ছিল খালি প্লাস্টিকের বোতলে, কিন্তু তার নিচেই লুকানো ছিল বস্তা বস্তা গাঁজা।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা। এই ঘটনায় রাজস্থানের বাসিন্দা ৪২ বছর বয়সী চালক শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারের নজর এড়াতেই খালি বোতলের স্তূপের নিচে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। আমডাঙা থানার পুলিশ এই পাচার চক্রের শিকড়ে পৌঁছাতে ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। বিপুল পরিমাণ এই মাদক উদ্ধারের ঘটনাকে পুলিশের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।