খুনের চেষ্টা ও দাঙ্গায় উসকানির ২৮টি মামলা! খড়গপুরের প্রার্থী দিলীপ ঘোষের সম্পত্তির খতিয়ান ফাঁস

খুনের চেষ্টা ও দাঙ্গায় উসকানির ২৮টি মামলা! খড়গপুরের প্রার্থী দিলীপ ঘোষের সম্পত্তির খতিয়ান ফাঁস

খড়গপুর সদর আসনের বিজেপি প্রার্থী হিসেবে শনিবার মনোনয়নপত্র জমা দিলেন দাপুটে নেতা দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে তাঁর শিক্ষাগত যোগ্যতা, আইনি জটিলতা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির চাঞ্চল্যকর তথ্য। হলফনামা অনুযায়ী, দিলীপ ঘোষের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগসহ মোট ২৮টি মামলা ঝুলে রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কলকাতার একাধিক থানাতেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ১৯৮০ সালে মাধ্যমিক এবং ১৯৮২ সালে আইটিআই পাস করা এই রাজনীতিকের দীর্ঘ নির্বাচনী লড়াইয়ে এবারও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সম্পত্তির খতিয়ানে দেখা যাচ্ছে, দিলীপ ঘোষের হাতে বর্তমানে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা রয়েছে। বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে তাঁর আমানতের পরিমাণ ২৫ লক্ষ ২৫ হাজার ৮০৫ টাকা। অর্থাৎ তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ লক্ষ ৭৫ হাজার ৮০৫ টাকা। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দিলীপ ঘোষ ১.৮৮ একর কৃষিজমি এবং মোট দু’টি ফ্ল্যাটের মালিক। সব মিলিয়ে তাঁর মোট স্থাবর সম্পত্তির অর্থমূল্য ১ কোটি ৮৫ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা।

বিগত বছরে দিলীপ ঘোষ বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। হলফনামায় তাঁর স্ত্রীর সম্পত্তির বিবরণও স্পষ্ট করা হয়েছে। রিঙ্কু মজুমদারের হাতে নগদ ৫ লক্ষ টাকা এবং ব্যাংকে ২২ লক্ষ ৯৮ হাজার ৩০১ টাকা গচ্ছিত রয়েছে। তাঁর একটি ১৪ লক্ষ ৬২ হাজার টাকা মূল্যের গাড়ি এবং ৭০ লক্ষ টাকার সমতুল্য স্থাবর সম্পত্তি রয়েছে, যার মধ্যে একটি ফ্ল্যাট ও একটি বাণিজ্যিক আবাসন অন্তর্ভুক্ত। তবে তাঁর গয়না সংক্রান্ত কোনো তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন জয়ের প্রধান কারিগর ছিলেন দিলীপ ঘোষ। তবে সাম্প্রতিক ২০২৪ সালের নির্বাচনে বিপর্যয়ের পর দলের সঙ্গে তাঁর কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। সাংগঠনিক নানা টানাপোড়েন কাটিয়ে খড়গপুর সদরে বিজেপি তাঁকে পুনরায় ‘তুরুপের তাস’ হিসেবে ময়দানে নামিয়েছে। প্রবল আইনি চ্যালেঞ্জ ও সাংগঠনিক প্রতিকূলতা জয় করে তিনি খড়গপুরে পদ্ম ফোটাতে পারেন কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *