খেলনা গাড়িতে বোমা লুকিয়ে দিল্লি কাঁপানোর ছক, মুম্বই থেকে গ্রেফতার ২ জইশ জঙ্গি

খেলনা গাড়িতে বোমা লুকিয়ে দিল্লি কাঁপানোর ছক, মুম্বই থেকে গ্রেফতার ২ জইশ জঙ্গি

দিল্লিতে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করল পুলিশ। মুম্বই থেকে দুই সন্দেহভাজন জইশ জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)। ধৃতদের নাম মোসাব আহদাম ওরফে কালাম কল্যাণ এবং মহম্মদ হামাদ কল্লারা। ধৃত দুজনেই মুম্বইয়ের বাসিন্দা এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তদন্তকারীদের দাবি, ধৃতরা চরমপন্থায় গভীরভাবে প্রভাবিত ছিল এবং জইশ-ই-মহম্মদ ও ইসলামিক স্টেটের মতো একাধিক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। শুধু তাই নয়, ‘মিশন খিলাফত’ এবং ‘সোলজার্স অফ প্রফেট’-এর মতো অনলাইন চরমপন্থী নেটওয়ার্কের সঙ্গেও তাদের যোগসূত্র পাওয়া গেছে। আবু হুফেজা নামে এক ব্যক্তির মাধ্যমে ধৃতদের মগজধোলাই করা হয়েছিল, যিনি অনলাইনে জঙ্গি নিয়োগের কাজ পরিচালনা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশি জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ধৃতরা মূলত আইইডি (IED) বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির কৌশল শিখছিল। গোয়েন্দাদের আশঙ্কা, নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে একটি খেলনা গাড়ির ভেতরে বোমা লুকিয়ে দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। এই অভিনব পদ্ধতি ব্যবহার করে জনবহুল এলাকায় নাশকতার ছক কষেছিল ধৃত দুই জঙ্গি।

বর্তমানে তদন্তকারীরা এই ঘটনার পেছনে থাকা বৃহত্তর সর্বভারতীয় জঙ্গি নেটওয়ার্কের সন্ধান করছেন। সূত্রের খবর, মুম্বইয়ের আরও ৪-৫ জন নাবালক আইএসআইএস-এর প্রচারে প্রভাবিত হয়েছে বলে পুলিশের নজরে এসেছে। ধৃতদের অর্থের উৎস এবং পরবর্তী সম্ভাব্য টার্গেটগুলি চিহ্নিত করতে জেরা চালিয়ে যাচ্ছে দিল্লি ও মহারাষ্ট্র পুলিশ। পুরো নেটওয়ার্কটি উপড়ে ফেলতেই এখন মরিয়া তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *