খেলা ঘোরাতে প্রস্তুত দেবাংশু, চুঁচুড়ায় জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ তৃণমূল

চুঁচুড়ার রাজনৈতিক সমীকরণে পারদ চড়ালেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। শুক্রবার অমরপুরে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রতিপক্ষ বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। দেবাংশুর দাবি, হুগলি জেলার একাধিক কেন্দ্রে প্রার্থী খুঁজে না পেয়ে বিজেপি দিশেহারা হয়ে পড়েছে। এমনকি গত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বিদ্রুপ করে বলেন, প্রার্থী না পেলে বিরোধীদের আবারও ‘দিদি’র দরজায় কড়া নাড়তে হবে।
দলের অভ্যন্তরীণ সংহতি নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানান, প্রার্থী চয়ন ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয় আইপ্যাকের সমীক্ষা এবং জনভিত্তির ওপর ভিত্তি করে। দেবাংশুকে অভিজ্ঞ ও দলের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে উল্লেখ করে তিনি গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা উড়িয়ে দেন। দলীয় কর্মীদের শৃঙ্খলার সাথে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেন সাংসদ।
নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল একটি আবেগনির্ভর শক্তি। চুঁচুড়া কেন্দ্রে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও শেষ মুহূর্তে ‘লাস্ট ওভারে ছক্কা’ মেরে জয় নিশ্চিত করবে জোড়াফুল শিবির। সব মিলিয়ে, নির্বাচনের আগে বিরোধীদের আক্রমণ এবং নিজেদের ঘর গোছানোর রণকৌশলে সরগরম চুঁচুড়ার রাজনৈতিক ময়দান।