গঙ্গার জল এখন স্নানের উপযোগী, লোকসভায় বড় রিপোর্ট পেশ জলশক্তি মন্ত্রকের

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশের অধিকাংশ স্থানেই গঙ্গার জল এখন স্নানের উপযোগী হয়ে উঠেছে। বৃহস্পতিবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে রাষ্ট্রমন্ত্রী রাজ ভূষণ চৌধুরী জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গঙ্গার ১১২টি পয়েন্টে নজরদারি চালিয়ে দেখা গেছে যে, জলের পিএইচ (pH) ও দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সন্তোষজনক। উত্তরাখণ্ড থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত এলাকাগুলোতে গঙ্গার দূষণ ক্রমশ নিম্নগামী বলে মন্ত্রক নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ উত্তরাখণ্ডের ১৯টি, উত্তরপ্রদেশের ৪১টি, বিহারের ৩৩টি, ঝাড়খণ্ডের ৪টি এবং বাংলার ১৫টি মনিটারিং স্টেশনের তথ্য বিশ্লেষণ করে এই ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে সামগ্রিক উন্নতি সত্ত্বেও উত্তরপ্রদেশের কানপুর, রায়বেরিলি ও গাজিপুরের বেশ কিছু অংশে গঙ্গার দূষণ নিয়ে এখনও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ফারুক্কাবাদ থেকে পুরানা রাজাপুর এবং মির্জাপুর সংলগ্ন এলাকায় জলের মান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘নমামি গঙ্গে’ প্রকল্পের অধীনে গঙ্গা ও তার উপনদীগুলোর ব্যাপক সংস্কারের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। নদী অববাহিকার জলশোধন ব্যবস্থার আধুনিকীকরণ, পাড় সংস্কার এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মতো বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ক্রমাগত প্রচেষ্টার ফলে গঙ্গার জল ধীরে ধীরে তার স্বাভাবিক বিশুদ্ধতা ফিরে পাচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য নিরাপদ হয়ে উঠছে বলে মন্ত্রক দাবি করেছে।