গঙ্গাসাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি সাতসকালে বাইকবাহিনীর তাণ্ডবে রণক্ষেত্র সাগর

দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে গঙ্গাসাগর উপকূল থানার শ্রীধাম ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ ত্রিলোকেশ বাবু যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। এই নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। রুদ্রনগর এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আহত বিজেপি নেতার ছেলে ত্রিদিপ ঢালির সরাসরি অভিযোগের আঙুল শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তাঁর দাবি, আগামী নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর বাবা, তাই রাজনৈতিকভাবে তাঁকে সরিয়ে দিতেই এই খুনের চক্রান্ত করেছে শাসক দল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এই ঘটনার পেছনে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্য কোনও কারণ থাকতে পারে।
গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের মুখে এই ধরণের সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পুরো এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।