গদ্দারদের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ, পূর্ব মেদিনীপুর থেকে কড়া বার্তা অভিষেকের

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের অন্দরে দানা বাঁধা অসন্তোষ দমনে কঠোর অবস্থান নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক বৈঠক থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি সাফ জানান, যারা যুদ্ধের ময়দানে দলের সঙ্গে বেইমানি করে, তারা দলকে ‘মা’ বলার অধিকার রাখে না। প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যে চোরাগোপ্তা ক্ষোভ দেখা দিয়েছে, তা নিরসনে তিনি স্পষ্ট করে দেন যে, দলের প্রতীকের বিরুদ্ধে যাওয়া বা অন্তর্ঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
অভিষেক এদিন কর্মীদের সতর্ক করে বলেন, “আগে ঘরের সাপ তাড়ান, তারপর নিজেদের মধ্যে ঝগড়া করবেন।” তিনি স্মরণ করিয়ে দেন যে, প্রত্যেকের কাজের ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং বেইমানদের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। দল যাকে প্রতীক দিয়েছে, তাকে জেতানোই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। ভালো কাজের জন্য যেমন পুরস্কার মিলবে, তেমনই দলের ক্ষতি করলে জুটবে চরম তিরস্কার।
মেদিনীপুরের বৈঠকের পর বাঁকুড়ার তালডাংরায় জনসভা করেন তৃণমূল সেনাপতি। সেখান থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, বাংলার মানুষ নিজেদের ক্ষমতা বুঝিয়ে দেবে। বিশেষ করে যেসব অঞ্চলে দল গত নির্বাচনে পিছিয়ে ছিল, সেখানে এমনভাবে জয় ছিনিয়ে আনার ডাক দেন যাতে বিরোধীরা আগামী ১০০ বছরেও প্রার্থী খুঁজে না পায়। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে ঘর গোছাতে অভিষেকের এই ‘দাওয়াই’ কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি বিদ্রোহীদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা।