গভীর সমুদ্রে রহস্যজনক ডিজিটাল সিগন্যাল, যুদ্ধ আবহে বাড়ছে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মাঝেই বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের গভীর থেকে ভেসে আসা রহস্যজনক ডিজিটাল বার্তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের হ্যাম রেডিও অপারেটররা এই সন্দেহজনক সিগন্যাল শনাক্ত করেছেন। ভারত মহাসাগরে মার্কিন বাহিনীর হাতে ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার পর এই ধরনের এনক্রিপ্টেড বার্তার আদান-প্রদান জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই বার্তাগুলো অত্যন্ত শক্তিশালী এইচএফ (HF) রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে পাঠানো হচ্ছে, যা সাধারণ হ্যাম রেডিওর নির্ধারিত ক্ষমতার চেয়ে অনেক বেশি। বার্তার ভাষা ও মোড সম্পূর্ণ ডিজিটাল এবং কোড ল্যাঙ্গুয়েজে হওয়ায় তা এখনও ডিকোড করা সম্ভব হয়নি। সন্দেহভাজনরা এই নির্দিষ্ট তরঙ্গ ব্যবহার করে নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অ্যামেচার রেডিওর পক্ষ থেকে ইতিমধ্য়েই কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোতে বিস্তারিত জানানো হয়েছে। দেশের নিরাপত্তা ও সুরক্ষার খাতিরে এই শক্তিশালী সিগন্যালের উৎস এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। গভীর সমুদ্রের এই রহস্যময় সংকেত কোনো বড়সড় নাশকতার ছক কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।