গাইঘাটায় গৃহবধূকে কাঁচি দিয়ে নৃশংস কোপ, সন্দেহের জেরে খুনের চেষ্টা পলাতক স্বামীর

উত্তর ২৪ পরগনার গাইঘাটার করোলা গ্রামে পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে জনসমক্ষেই আক্রান্ত হন দীপা মণ্ডল (৩২) নামে ওই গৃহবধূ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী শম্ভু সরকার পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধরমপুরের বাসিন্দা ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। অভিযোগ, শম্ভু কোনো কাজ না করে নেশাগ্রস্ত থাকতেন এবং স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন। দিনকয়েক আগে দীপা করোলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। শনিবার সকালে শম্ভু সেখানে পৌঁছে আচমকা ধারালো কাঁচি দিয়ে স্ত্রীর শরীরে একের পর এক আঘাত চালিয়ে রক্তান্ত করে পালিয়ে যায়।
আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা দীপাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করেন। গাইঘাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পারিবারিক হিংসার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।