গাজায় ৫ বছরের শিশুর মৃত্যু নিয়ে নির্মিত অস্কার মনোনীত ছবি ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ ভারতে নিষিদ্ধ

ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাব এবার পড়ল ভারতীয় চলচ্চিত্রে। গাজা যুদ্ধের পটভূমিতে নির্মিত এবং অস্কারের জন্য মনোনীত ডকুড্রামা ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ ভারতে প্রদর্শনের অনুমতি দেয়নি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। সেন্সর বোর্ডের মতে, এই চলচ্চিত্রের সংবেদনশীল বিষয়বস্তু ভারত ও ইজরায়েলের মধ্যকার কূটনৈতিক ভারসাম্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চলচ্চিত্রটির কাহিনী ২০২৪ সালের গাজা যুদ্ধে নিহত ৫ বছর বয়সী শিশু হিন্দ রজব হামাদাকে কেন্দ্র করে আবর্তিত। ৩৩৫টি বুলেটের আঘাতে বিধ্বস্ত একটি গাড়িতে আটকে পড়া ওই শিশুর মর্মান্তিক মৃত্যু এবং রেড ক্রিসেন্ট দলের উদ্ধারচেষ্টার আবেগঘন চিত্রায়ন বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার জয়ী এই ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পাশাপাশি খোদ ইজরায়েলেও মুক্তি পেয়েছে।
ভারতে ছবিটি নিষিদ্ধ হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পরিবেশকরা। গত নভেম্বরে কলকাতায় একটি উৎসবে প্রদর্শিত হলেও বর্তমানে এটি মুক্তির ছাড়পত্র পায়নি। অন্যদিকে, পাকিস্তানের প্রেক্ষাপটে নির্মিত বাণিজ্যিক ছবি ‘ধুরন্ধর ২’ বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। কোনো বড় তারকা না থাকা সত্ত্বেও মানবিক আবেদন ও বাস্তবধর্মী গল্পের কারণে ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ আন্তর্জাতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।