গাজোলে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

গাজোলে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

মালদার গাজোল থানার অন্তর্গত অলতোর ফরেস্ট এলাকায় এক গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী লিটন বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে নিজের জমিতে বসবাস করলেও অভিযুক্ত নেতা ক্ষমতার অপব্যবহার করে তাদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি দলবল নিয়ে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর এবং বসতভিটা দখলের হুমকি দেওয়া হয় বলে লিখিত অভিযোগে জানানো হয়েছে।

অভিযুক্ত তৃণমূল নেতা লিটন বিশ্বাস অবশ্য এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার পাল্টা দাবি, অভিযোগকারী পরিবারটি অন্যের জমি দখল করে আছে এবং তিনি কেবল সেই বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, প্রধানের স্বামী প্রতিনিয়ত ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। ইতিপূর্বেও তার বিরুদ্ধে অনুরূপ অভিযোগ উঠেছে বলে তিনি দাবি করেন। নির্যাতিত পরিবারটি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গাজোল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সত্যতা যাচাইয়ে খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট নথিপত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *