গাজোলে বিজেপির অন্তর্কলহ তুঙ্গে নির্দল হিসেবে মনোনয়ন পেশ প্রফুল্ল সরকারের

গাজোলে বিজেপির অন্তর্কলহ তুঙ্গে নির্দল হিসেবে মনোনয়ন পেশ প্রফুল্ল সরকারের

বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই মালদহের গাজোল কেন্দ্রে বিজেপির অন্দরে বড়সড় ফাটল দেখা দিল। দলের পুরনো নেতা তথা ২০১১ সালের বিজেপি প্রার্থী প্রফুল্ল চন্দ্র সরকার সোমবার সদর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাঁর এই পদক্ষেপকে কেন্দ্র করে গাজোল বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণ নাটকীয় মোড় নিয়েছে, যা পদ্ম শিবিরের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

মনোনয়ন পেশের পর বিদায়ী বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে সরব হয়েছেন প্রফুল্ল সরকার। তিনি দাবি করেন, বিধায়কের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে গাজোলের অধিকাংশ কর্মী অখুশি এবং তাঁদের লক্ষ্য বর্তমান প্রার্থীকে পরাজিত করা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিজেপির একাংশ নেতা ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মঞ্চ’ গঠন করে নতুন প্রার্থীর দাবি জানালেও দল চিন্ময় দেব বর্মনকেই পুনরায় প্রার্থী করেছে।

বিজেপি নেতৃত্ব অবশ্য এই বিদ্রোহকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। দলের স্থানীয় কনভেনর বীণা কীর্তনিয়ার মতে, ব্যক্তিগত স্বার্থেই প্রফুল্ল সরকার এই পথে হাঁটা দিয়েছেন। অন্যদিকে, এই সুযোগে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের গাজোল ব্লক সভাপতি রাজকুমার সরকারের দাবি, বিজেপির কোনো আদর্শ নেই এবং এই অন্তর্দ্বন্দ্বের সুবিধা নিয়ে গাজোল আসনটি তাঁরাই দখল করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *