গানবাজনা ‘হারাম’ বিতর্কে উত্তাল বাংলাদেশ! তারেক জামানাতেই কি বাড়ছে ধর্মান্ধদের দাপট?

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে গানবাজনা ও বাদ্যযন্ত্র ব্যবহারের ওপর মসজিদ কমিটির জারি করা ‘ফতোয়া’ ঘিরে তীব্র উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় পোড়াগ্রামের ওই মসজিদ কমিটি সামাজিক সংস্কারের দোহাই দিয়ে প্রকাশ্যে উচ্চশব্দে গানবাজনা করাকে ‘হারাম’ ঘোষণা করে নোটিস জারি করেছে। এমনকি বিয়ের অনুষ্ঠানে গানবাজনা চললে সেখানে ধর্মীয় রীতিতে বিয়ে পড়াতে কোনো আলেম যাবেন না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার আমলে এ ধরনের কট্টরপন্থী সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার প্রগতিশীল মানুষ ও যুবসমাজ। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ৩৪ জনের স্বাক্ষরিত এই নোটিসটি প্রথম প্রকাশ্যে আসে এবং গ্রামের মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়। যদিও পুলিশ প্রশাসন ইতিমধ্যে সেইসব বিতর্কিত প্রচারসামগ্রী বাজেয়াপ্ত করেছে এবং সংশ্লিষ্টদের ডেকে সতর্ক করেছে, তবুও গ্রাম পর্যায়ে এই অলিখিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় তরুণ ও নারীরা এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করে একে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। বাসিন্দাদের একাংশের মতে, নামাজ পড়া বা আমোদ-প্রমোদ করা মানুষের ব্যক্তিগত বিষয় এবং ধর্মীয় আচার পালনে বাধ্যবাধকতা আরোপ করা অনুচিত। প্রশাসনের পক্ষ থেকে ভুল স্বীকারের কথা বলা হলেও ফতোয়াটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না হওয়ায় এলাকায় এখনো চাপা অসন্তোষ বিরাজ করছে।