গায়ের রং কালো বলেই কি বঞ্চনা? বিসিসিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন ভারতীয় স্পিনার

বিসিসিআইয়ের অন্দরমহলে বর্ণবিদ্বেষের কালো ছায়া? ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দেওয়া এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। দীর্ঘ ২৩ বছরের ধারাভাষ্যকার জীবনের ইতি টেনে বিস্ফোরক এই দাবি করেছেন তিনি।
সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় তুলে তিনি জানিয়েছেন যে, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তাঁকে বারবার অবহেলা করা হয়েছে। তাঁর অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে কখনও টস বা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী যখন দলের কোচ ছিলেন, তখনও একই বঞ্চনার শিকার হতে হয়েছে তাঁকে।
আসল বিতর্ক দানা বাঁধে যখন সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেন, এই বঞ্চনার কারণ কি তবে গায়ের রং? তিলমাত্র দ্বিধা না করে শিবরামকৃষ্ণান উত্তর দেন, “হ্যাঁ, একদম তাই।” এই এক শব্দেই তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট মহলে। শিবরামকৃষ্ণানের এই সাহসী মন্তব্য বিসিসিআইয়ের স্বচ্ছতা এবং মানসিকতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। বোর্ড এখন এই গুরুতর অভিযোগের কী জবাব দেয়, সেটাই দেখার।