গিরিশ পার্কে অশান্তি পুলিশ কমিশনারের কাছে ফের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

গিরিশ পার্কে অশান্তি পুলিশ কমিশনারের কাছে ফের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভার দিন কলকাতার গিরিশ পার্কে ঘটা রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ফের বিস্তারিত রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। নবনিযুক্ত কলকাতা পুলিশ কমিশনারের কাছে এই প্রতিবেদন চাওয়া হয়েছে। ইতিপূর্বে তৎকালীন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের জমা দেওয়া রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। সেই রিপোর্টে তথ্যের ঘাটতি থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে গিরিশ পার্ক এলাকা। দু’পক্ষের পাথর বৃষ্টিতে বৌবাজার থানার ওসিসহ বেশ কয়েকজন আহত হন এবং এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। পাল্টা বিজেপির দাবি, তাদের কর্মীদের বাসে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

কমিশন সূত্রে খবর, ওই সংবেদনশীল এলাকায় প্রধানমন্ত্রীর সভার দিন কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল না এবং গোয়েন্দা বিভাগ কেন ব্যর্থ হলো, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া কর্তব্যে গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, রিপোর্টে তাও উল্লেখ করতে বলা হয়েছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *