গুরুগ্রামে নির্মাণাধীন বহুতলের দেওয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৭ শ্রমিক

গুরুগ্রামের সিধ্রাওয়ালি এলাকায় নির্মাণকাজ চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ‘সিগনেচার গ্লোবাল সোসাইটি’ নামক একটি আবাসন প্রকল্পে কাজ করার সময় আচমকা একটি উঁচু দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে ১২ থেকে ১৫ জন শ্রমিক চাপা পড়েন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু হয়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার করে। চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং অন্তত ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নির্মাণাধীন সাইটে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে ইতিমধেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারগুলোর মধ্যে হাহাকার দেখা দিয়েছে।