গোয়ায় প্যারাসেলিং করতে গিয়ে মাঝ আকাশেই বিপত্তি! পর্যটকের প্রাণ বাঁচল বরাতজোরে

গোয়ায় প্যারাসেলিং করতে গিয়ে মাঝ আকাশেই বিপত্তি! পর্যটকের প্রাণ বাঁচল বরাতজোরে

গোয়ার বাগা বিচে প্যারাসেলিংয়ের সময় ধরা পড়ল এক হাড়হিম করা দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে ওড়ার সময় আচমকাই ছিঁড়ে গেল প্যারাসুটের দড়ি। ফলে বিশাল উচ্চতা থেকে সোজা সমুদ্রের জলে আছড়ে পড়লেন এক পর্যটক।

মুহূর্তের মধ্যে রোমাঞ্চকর অভিজ্ঞতা বদলে গেল চরম আতঙ্কে। যদিও ওই পর্যটক লাইফ জ্যাকেট পরে ছিলেন এবং প্যারাসুটের কারণে পতনের গতি কিছুটা কম ছিল, তাই বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ইনস্টাগ্রামে ইতিমধ্য়েই ৯ কোটির বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, দড়ি ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নৌকায় থাকা এক মহিলা আতঙ্কে চিৎকার শুরু করেন এবং কর্মীদের সাহায্যের জন্য অনুরোধ জানান।

এই ঘটনার পর আবারও গোয়ার পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক পর্যটকই অভিযোগ করেছেন যে, সংশ্লিষ্ট সংস্থাগুলি নিয়মিত সরঞ্জামের রক্ষণাবেক্ষণ করে না। নেটিজেনদের একাংশের মতে, দড়ির মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এই বিপত্তি ঘটেছে।

বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে গোয়া পর্যটন দফতর। তারা ইতিমধ্য়েই পুরো ঘটনার রিপোর্ট তলব করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি নিরাপত্তায় কোনো ধরনের অবহেলা প্রমাণিত হয়, তবে ওই সংস্থার লাইসেন্স বাতিলসহ অত্যন্ত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন বিশেষজ্ঞদের মতে, সরকারি নজরদারি ও সরঞ্জামের নিয়মিত পরীক্ষা ছাড়া এ ধরনের রোমাঞ্চকর খেলা পর্যটকদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *