গোরক্ষপুরে উত্তর-পূর্ব ভারতের নারী চিকিৎসককে বর্ণবিদ্বেষী হেনস্থা ও শ্লীলতাহানি

উত্তরপ্রদেশের গোরক্ষপুর এমস-এ কর্মরত নাগাল্যান্ডের এক নারী চিকিৎসককে বর্ণবিদ্বেষী হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাতে ডিউটি শেষে ফেরার পথে তিন যুবক বাইক নিয়ে প্রায় দেড় কিলোমিটার পথ ওই চিকিৎসকের পিছু নেয়। অভিযোগ, অভিযুক্তরা তাঁর জাতিগত পরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি অশালীন আচরণ ও শ্লীলতাহানি করে।
ঘটনার খবর পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। দেওরিয়া জেলার বাসিন্দা সুরজ গুপ্ত ও অমৃত বিশ্বকর্মা নামে দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত তৃতীয় অভিযুক্ত এখনো পলাতক। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গিয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনার কড়া নিন্দা জানিয়েছে চিকিৎসক সংগঠন ‘নাফোর্ড’। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই বর্ণবিদ্বেষী আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন। কর্মক্ষেত্রের কাছেই একজন নারী চিকিৎসকের এমন নিরাপত্তা হীনতা এবং জাতিগত বিদ্বেষের শিকার হওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।