গোসাবায় সেতু ও নদীবাঁধের আশ্বাস অভিষেকের, অন্তর্ঘাত রুখতে কড়া হুঁশিয়ারি

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় নির্বাচনী জনসভা থেকে এলাকার দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে তিনটি নতুন সেতু নির্মাণ এবং রায়মঙ্গল ও গোমর নদীর ধারে কংক্রিট নদীবাঁধ তৈরির উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তবে পরিবেশসংক্রান্ত আইনি জটিলতার কারণে গদখালি পর্যন্ত বিদ্যাসেতু প্রকল্পের কাজ আটকে রয়েছে বলে এদিন ব্যাখ্যা করেন তিনি।
উন্নয়নমূলক বার্তার পাশাপাশি দলের অন্দরে থাকা বিক্ষুব্ধ গোষ্ঠীকে কড়া ভাষায় সতর্ক করেছেন অভিষেক। গোসাবার দলীয় প্রার্থী সুব্রত মণ্ডলের নাম ঘোষণার পর থেকেই কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছিল। নাম না করে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং রাতের অন্ধকারে বিরোধীদের সাথে বৈঠক করা নেতাদের চিহ্নিত করা হয়েছে। অশুভ আঁতাত রুখতে তিনি কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন।
তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড স্পষ্ট জানান, দলকে দুর্বল করার চেষ্টা করলে তার পরিণাম হবে ভয়াবহ। নির্বাচনের ফলাফল প্রকাশের পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সমস্ত নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামার নির্দেশ দেওয়ার পাশাপাশি চতুর্থবার সরকার গঠনের পর সমস্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।