গ্যাসের অগ্নিমূল্য ও তীব্র সংকট শহর ছেড়ে ভিটেমাটিতে ফিরছেন আতঙ্কিত পরিযায়ী শ্রমিকরা

গ্যাসের অগ্নিমূল্য ও তীব্র সংকট শহর ছেড়ে ভিটেমাটিতে ফিরছেন আতঙ্কিত পরিযায়ী শ্রমিকরা

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে ভারতের জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। চড়া দামের পাশাপাশি কালোবাজারির দাপটে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিশেষ করে দিল্লি ও মুম্বইয়ের মতো বড় শহরগুলোতে বসবাসকারী পরিযায়ী শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। আয়ের বড় অংশ কেবল জ্বালানি সংগ্রহে ব্যয় হওয়ায় টিকে থাকা দায় হয়ে পড়েছে তাঁদের পক্ষে।

বিহারে ফিরে আসা শ্রমিকদের দাবি, পাঁচ কেজির সিলিন্ডার বা প্রতি কেজি গ্যাস কিনতে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অনেকে জানান, দৈনিক ৫০০ টাকা আয় করে অগ্নিমূল্যের বাজারে সংসার চালানো আসাম্ভব হয়ে পড়েছে। শুধু শ্রমিকরাই নন, জীবনযাত্রার ব্যয় ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় অনেক পরীক্ষার্থী ও পড়ুয়াও বাধ্য হয়ে শহর ছাড়ছেন। ফলে স্টেশনে স্টেশনে এখন ঘরমুখো মানুষের ভিড়।

জ্বালানি সংকটের জেরে মুম্বইয়ের অনেক সস্তা হোটেল ও রেস্তরাঁ বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে দেশে আবারও কোভিড পর্বের মতো পরিযায়ী শ্রমিকদের গণ-প্রত্যাবর্তনের ঢল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত দুশ্চিন্তা কাটিয়ে গ্রামেই কাঠ বা ঘুঁটের উনুনে কোনোমতে দিনাতিপাত করার লক্ষ্য নিয়ে ফিরছেন এই সর্বহারা মানুষগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *