গ্যাসের আকালে কালোবাজারি রুখতে পুলিশের মরণকামড় বনগাঁয় আটক ১৮টি সিলিন্ডারসহ বিশু শেখ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় যখন রান্নার গ্যাসের আকাল দেখা দিয়েছে, ঠিক তখনই সাধারণ মানুষের অসহায়তাকে পুঁজি করে আসরে নেমেছে একদল অসাধু ব্যবসায়ী। রাজ্যে গ্যাসের চড়া দাম এবং ডিলারদের কাছে লম্বা লাইনের সুযোগ নিয়ে শুরু হয়েছে বেআইনি মজুতদারি ও কালোবাজারি। এই চক্র রুখতে বুধবার সকালে বনগাঁর গোপালনগর এলাকায় বড়সড় অভিযান চালাল পুলিশ।
গোপালনগর থানা এবং জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযানে বিশু শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৮টি অবৈধ গ্যাস সিলিন্ডার। পুলিশের প্রাথমিক অনুমান, সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ধৃত বিশু শেখ দীর্ঘদিন ধরে অটোতে গ্যাস ভরার কারবার চালাচ্ছিল। বিশু শেখের বাড়ি থেকে সিলিন্ডারের পাশাপাশি আরও বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালোবাজারি রুখতে জেলাশাসক ও পুলিশ সুপারদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে যারা গ্যাস মজুত করবে, তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। প্রয়োজনে সরকার সেই মজুত করা গ্যাস বাজেয়াপ্ত করবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বুধবার বিকেলে গ্যাস ডিলারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকেও বসছেন মুখ্যমন্ত্রী। বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ জানিয়েছে, অবৈধ গ্যাস কারবারীদের ধরতে এই ধরনের ঝটিকা অভিযান আগামী দিনগুলোতেও জারি থাকবে।