গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে ধর্মতলার ধরনামঞ্চ থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে ধর্মতলার ধরনামঞ্চ থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলার ধরনামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের অজুহাত দিয়ে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা চাপানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ইউপিএ জমানায় যে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, তা বর্তমানে ১,১০০ টাকায় পৌঁছেছে। এমনকি বড় সিলিন্ডারের দাম ২,১০০ টাকা হওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বলেও তিনি সরব হন।

কেন্দ্রীয় সরকারের ভর্তুকি নীতির সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রচারের চাকচিক্যে অর্থ ব্যয় না করে সেই টাকা জনস্বার্থে ভর্তুকি হিসেবে দেওয়া উচিত ছিল। রান্নার গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ২৫ দিনের আগে গ্যাস বুকিং করা যাবে না—এমন নিয়মে সাধারণ মানুষ চরম সংকটে পড়বেন। বিকল্প জ্বালানি হিসেবে কাঠের অভাবের কথা উল্লেখ করে তিনি গরিব মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন।

দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, বিপুল ঋণের বোঝা ও দ্রব্যমূল্য বৃদ্ধি আগামী দিনে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়গুলি নিয়েও তিনি এদিন তোপ দাগেন। সবশেষে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে বাংলার জয় হিসেবে অভিহিত করে তিনি তাঁর বর্তমান ধরনা কর্মসূচি সমাপ্তির ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *