গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, পুলিশের বারাকে বিকল্প জ্বালানির নির্দেশ

দেশজুড়ে জ্বালানি সংকটের আবহে রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপ নিল লালবাজার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কলকাতার প্রতিটি থানাকে গোডাউনগুলোতে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিলিন্ডার পাচার বা অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধ করতে এনফোর্সমেন্ট শাখার আধিকারিকরা নিয়মিত স্টক যাচাই করছেন। অবৈধভাবে গ্যাস মজুত করলে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
শহরে গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারির পাশাপাশি অভ্যন্তরীণ সাশ্রয়েও গুরুত্ব দিচ্ছে লালবাজার। প্রতিটি ডিভিশনের ডিসি-দের সতর্ক করে জানানো হয়েছে, বাণিজ্যিক কাজে ঘরোয়া সিলিন্ডারের ব্যবহার রুখতে হবে। বিশেষ করে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করার চক্রগুলোর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পুলিশ প্রশাসন এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।
সংকট মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ বারাকগুলোতে রান্নার পদ্ধতিতে বদল আনা হচ্ছে। গ্যাসের ওপর নির্ভরতা কমাতে বারাকগুলোতে ইন্ডাকশন ও মাইক্রোওয়েভ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই বিকল্প জ্বালানি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন গ্যাসের সাশ্রয় হবে, অন্যদিকে বাজারে কৃত্রিম সংকট তৈরির পথও বন্ধ হবে বলে মনে করছে লালবাজার কর্তৃপক্ষ।