গ্যাসের চড়া দাম আর হাহাকারে নাজেহাল অটোচালকরা ভোগান্তির চরম সীমায় সাধারণ যাত্রী

কলকাতা ও শহরতলিতে অটোর গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে। বুধবার থেকে প্রতি কেজি এলপিজি গ্যাসের দাম একধাক্কায় ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৮ পয়সায়। এই মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে গ্যাসের চরম অভাব। গোলপার্ক, সাউথ সিটি কিংবা মহামায়াতলার মতো এলাকায় গ্যাস না মেলায় চালকদের ছুটতে হচ্ছে বারুইপুর পর্যন্ত। দীর্ঘ সময় পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে খালি হাতে ফিরছেন অনেকে, যার সরাসরি প্রভাব পড়ছে তাঁদের দৈনিক উপার্জনে।
গ্যাসের এই সংকটে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পর্যাপ্ত অটো না থাকায় অফিস ফেরত যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। বেলঘরিয়া নীলগঞ্জ রোড থেকে বরানগর মেট্রো স্টেশন পর্যন্ত অটো ও অ্যাপ-ক্যাব চালকদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। অনেক চালক সারা রাত লাইনে দাঁড়িয়ে সকালে সামান্য গ্যাস পাচ্ছেন, যা দিয়ে সারা দিন পরিষেবা দেওয়া আসাম্ভব হয়ে পড়ছে। পরিস্থিতির চাপে ব্যারাকপুর-বারাসাত রুটের চালকরা ভাড়া বৃদ্ধির দাবিতে বৈঠক ডেকেছেন এবং বেশ কিছু লোকাল রুটে ইতিমধ্য়েই ভাড়া বেড়ে গিয়েছে। অটোর এই অচলাবস্থার সুযোগে পাড়ার ভেতরে রিকশার চাহিদা ও দাপট দুই-ই বেড়েছে।