গ্যাসের মূল্যবৃদ্ধিতে উত্তাল রাজ্য, হাতা-খুন্তি নিয়ে কাল পথে নামছেন মুখ্যমন্ত্রী

গ্যাসের মূল্যবৃদ্ধিতে উত্তাল রাজ্য, হাতা-খুন্তি নিয়ে কাল পথে নামছেন মুখ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে দেশে রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুক্রবার মধ্যরাত থেকে গৃহস্থালির ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। বাণিজ্যিক সিলিন্ডারের দামও ১১৪.৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯৯০ টাকা। কেন্দ্র সরকার জ্বালানি সংকটের আশঙ্কায় জরুরি ক্ষমতা (এসমা) প্রয়োগ করায় রান্নার গ্যাসের বুকিংয়ের ব্যবধানও ২১ দিন করা হয়েছে।

এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, সাধারণ মানুষের হেঁসেলে টান পড়ার দায় কেন্দ্রকেই নিতে হবে। কেন আগে থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেই প্রশ্ন তুলে তিনি কেন্দ্রের পরিকল্পনাহীনতাকে কটাক্ষ করেছেন।

প্রতিবাদে সরব হতে আগামীকাল, রবিবার কলকাতায় এক বিশাল মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। মিছিলে শামিল হওয়া মহিলাদের হাতা-খুন্তি নিয়ে আসার বিশেষ আহ্বান জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সাদা পোশাকে থাকলেও অংশগ্রহণকারী অন্যদের কালো পোশাক পরে প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলনকে আরও জোরালো করার বার্তাই দিয়েছেন তৃণমূল নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *