গ্যাসের সিলিন্ডার বুকিংয়ে আসছে বড় বদল, এবার কতদিন অপেক্ষা করতে হবে আপনাকে জানুন

রান্নার গ্যাসের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং কালোবাজারি রুখতে সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ডিলার মহল। নতুন প্রস্তাবনা অনুযায়ী, ১৪.২ কেজির ডাবল কানেকশন গ্রাহকদের একটি সিলিন্ডার ডেলিভারির পর দ্বিতীয়টি বুক করতে অন্তত ৩৫ দিন অপেক্ষা করতে হতে পারে। তবে সিঙ্গল কানেকশন গ্রাহকদের ক্ষেত্রে আগের মতোই ২৫ দিনের সময়সীমা বহাল থাকছে। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি, তবে ডিলার স্তরে এই নতুন নীতি কার্যকর করা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
৫ কেজি ও ১০ কেজির ছোট সিলিন্ডার ব্যবহারকারীদের জন্যও পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ৫ কেজির সিঙ্গল কানেকশনে ৯ দিন এবং ডাবল কানেকশনে ১২ দিন পর পুনরায় বুকিং করা যাবে, যেখানে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ১৬ দিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে, ১০ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে পরবর্তী বুকিংয়ের জন্য ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করার দাবি জানানো হচ্ছে। মূলত সাধারণ গ্রাহকদের কাছে সময়মতো জ্বালানি পৌঁছে দিতেই ডিলারদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।