গ্যাস বুকিংয়ে নিয়মের পরিবর্তন নিয়ে জল্পনা উড়িয়ে দিল কেন্দ্র

রান্নার গ্যাসের (এলপিজি) রিফিল বুকিংয়ের নিয়মে বড় ধরনের পরিবর্তনের খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। বুধবার এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, সিলিন্ডার বুকিংয়ের সময়সীমায় নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যের কোনো সত্যতা নেই এবং গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে দুটি বুকিংয়ের মধ্যে ন্যূনতম ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক থাকছে। উজ্জ্বলা যোজনা বা সাধারণ সংযোগ—উভয় ক্ষেত্রেই আগের নির্দেশিকাই বহাল রয়েছে। ডবল সিলিন্ডার গ্রাহকদের ক্ষেত্রে বুকিংয়ের ব্যবধান ৩৫ দিন করার যে জল্পনা তৈরি হয়েছিল, মন্ত্রক তা সরাসরি নাকচ করে দিয়ে জানিয়েছে যে নিয়মে কোনো রদবদল হয়নি।
সরকারি সূত্রে আশ্বস্ত করা হয়েছে যে, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ এলপিজি মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। অযথা আতঙ্কে বুকিং না করার পাশাপাশি কোনো প্রকার যাচাই না করা তথ্যে বিশ্বাস না রাখতে অনুরোধ করেছে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে, গ্রাহকদের পরিষেবা প্রদানে কোনো ঘাটতি নেই এবং পুরনো গাইডলাইন মেনেই বুকিং প্রক্রিয়া কার্যকর থাকবে।