গ্যাস সংকটে স্থবির পাহাড়ের পর্যটন শিল্প বন্ধের মুখে দার্জিলিংয়ের শতাধিক হোটেল

দার্জিলিংয়ে বাণিজ্যিক এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে পাহাড়ের বহু হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আসন্ন পর্যটন মরশুমে পর্যটকদের পরিষেবা দেওয়া আসাম্ভব হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যেই দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় ইন্ডিয়ান এবং ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটরদের কাছে বাণিজ্যিক গ্যাসের মজুত প্রায় শেষ। সরবরাহ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও কোনো সদুত্তর মেলেনি।
পাহাড়ের অর্থনীতি মূলত পর্যটন ও আতিথেয়তা শিল্পের ওপর নির্ভরশীল। এই দীর্ঘস্থায়ী গ্যাস সংকটের কারণে হোটেল মালিকরা বুকিং কমানো বা আংশিক পরিষেবা বন্ধ রাখার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে পর্যটকদের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে এবং পর্যটন ব্যবসায় বড়সড় ধস নামবে।
রাজ্য ইকো-ট্যুরিজম কমিটির চেয়ারম্যানের মতে, বিভিন্ন সংকট কাটিয়ে পাহাড়ের পর্যটন শিল্প যখন ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই এই গ্যাস সংকট নতুন করে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে পর্যটকদের পাহাড় ভ্রমণের পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।