গ্যাস সংকট নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ মমতার সাধারণ মানুষের হয়রানির দায় কার

গ্যাস সংকট নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ মমতার সাধারণ মানুষের হয়রানির দায় কার

দেশে চলমান গ্যাস সংকটের জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে পর্যাপ্ত মজুতের দাবি আর অন্যদিকে ৩০ দিনের আগে বুকিং না নেওয়া বা বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বন্ধের মতো স্ববিরোধী পদক্ষেপের ফলে সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানি হচ্ছে বলে তিনি তোপ দাগেন। বুধবার এই পরিস্থিতিকে কেন্দ্রের ‘জনবিরোধী নীতি’ হিসেবে আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে কেন আগেভাগে বাফার স্টক বা জরুরি মজুত গড়ে তোলা হলো না?

গত দু’দিন ধরে পরিস্থিতির ওপর নজর রাখার পর বুধবার নবান্নে আসা সাধারণ মানুষের দুর্ভোগের খবরে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ ২৫ দিনে একটির বেশি সিলিন্ডার না দেওয়ার ঘোষণা কালোবাজারিদের সুবিধা করে দিয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন বা এসমা জারির সমালোচনা করে তিনি বলেন, কাউকে গ্রেপ্তার করলেই কি মানুষের সমস্যার সমাধান হয়ে যাবে? কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দিল্লির দরবারে জবাবদিহি চেয়েছেন।

রাজ্যের মানুষের দুর্ভোগ কমাতে এদিন বিকেলেই আলিপুরের সৌজন্য সভাগৃহে পদস্থ আধিকারিক ও তেল সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মজুতদারি রুখতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও শিল্পসচিব বন্দনা যাদবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় নোডাল অফিসার নিয়োগের পাশাপাশি রাজ্য সরকার দ্রুত একটি এসওপি জারি করবে বলেও তিনি ঘোষণা করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে জেলাশাসকদের সঙ্গে ফের বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *