গ্যাস সংকট রুখতে কড়া মমতা মজুতদারদের হুঁশিয়ারি দিয়ে চালু করলেন ২৪ ঘণ্টার হেল্পলাইন

গ্যাস সংকট রুখতে কড়া মমতা মজুতদারদের হুঁশিয়ারি দিয়ে চালু করলেন ২৪ ঘণ্টার হেল্পলাইন

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ইরান-ইজরায়েল সংঘাতের প্রভাবে ভারতের জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কায় রাজ্যে রান্নার গ্যাসের জোগান নিশ্চিত করতে নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতে এবং জরুরি পরিষেবা স্বাভাবিক রাখতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে স্কুল-কলেজের মিড-ডে মিল, হাসপাতালের রান্নাঘর এবং রোগীদের খাবারের জন্য গ্যাস সরবরাহে কোনওভাবেই ঘাটতি হতে দেওয়া যাবে না। পরিস্থিতি মোকাবিলায় এবং বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে নবান্নে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণ মানুষ যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য ১০৭০ এবং ০৩৩-২২১৪-৩৫২৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশি পদাধিকারীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও পর্যটন দপ্তরের সচিবদের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও রাখা হয়েছে।

গ্যাস এজেন্সিগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে জোগান নিশ্চিত করার পাশাপাশি রেস্তরাঁ ও হকারদের সমস্যার দিকেও নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে যে গ্যাস মজুত করা বা কালোবাজারি করে অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অবৈধ মজুত থেকে গ্যাস বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *