গ্যাস সিলিন্ডার বুক করলেই মিলবে আড়াই দিনে আতঙ্কের কিছু নেই জানাল কেন্দ্র

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে দেশে জ্বালানি সংকটের জল্পনা উড়িয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করল ভারত সরকার। রান্নার গ্যাস সরবরাহ নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগের মাঝে পেট্রলিয়াম মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে, বুকিং করার আড়াই দিনের মধ্যেই গ্রাহকরা সিলিন্ডার হাতে পাবেন। বুধবার এক সাংবাদিক বৈঠকে পেট্রলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানান, বর্তমানে দেশে অপরিশোধিত তেলের জোগান স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
গ্যাসের কালোবাজারি রুখতে এবং কৃত্রিম চাহিদা সামাল দিতে বুকিংয়ের নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে ২১ দিন অন্তর গ্যাস বুক করা যেত, এখন সেই ব্যবধান বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে অতিরিক্ত মজুতদারী বন্ধ হবে এবং প্রকৃত গ্রাহকরা দ্রুত পরিষেবা পাবেন। বিশ্বজুড়ে কঠিন সময় চললেও ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র বদ্ধপরিকর। সম্প্রতি অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ আইন বা এসমা জারি করা হলেও, সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে মোদি সরকার।