ঘরের মাঠে মোহনবাগানের প্রথম হার, সবুজ-মেরুনকে হারিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি

ঘরের মাঠে মোহনবাগানের প্রথম হার, সবুজ-মেরুনকে হারিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি

ইন্ডিয়ান সুপার লিগে চলতি মরশুমে ঘরের মাঠে প্রথম হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে পরাজিত হল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের ২৭ মিনিটে জনি কাউকোর পাস থেকে জয়সূচক গোলটি করেন মুম্বইয়ের নাউফল। এই হারের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেল মোহনবাগান, আর তাদের হারিয়ে শীর্ষস্থান দখল করল মুম্বই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণের লড়াই চললেও প্রথমার্ধে মুম্বইয়ের দাপট ছিল স্পষ্ট। ২২ মিনিটে ছাংতের শট মোহন গোলরক্ষক বিশাল কাইত রুখে দিলেও নাউফলের গোল আটকানো সম্ভব হয়নি। বিরতির আগে বিশাল আরও বেশ কিছু নিশ্চিত গোল বাঁচিয়ে ব্যবধান বাড়তে দেননি। দিমিত্রি এবং কামিংস সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হওয়ায় এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাগান।

দ্বিতীয়ার্ধে চোট সারিয়ে রবসন মাঠে নামলেও মোহনবাগানের খেলায় প্রত্যাশিত আক্রমণের তেজ দেখা যায়নি। মনবীর সিংকে নামিয়ে লোবেরো আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করলেও মুম্বইয়ের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। ম্যাচের অন্তিমলগ্নে রবসনের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং দিমিত্রি ফ্রি-কিক থেকে সুযোগ নষ্ট করেন। ফলে মরশুমের প্রথম ড্রয়ের পর ষষ্ঠ ম্যাচে এসে প্রথম পরাজয়ের স্বাদ পেল কলকাতা জায়ান্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *