ঘরের মেয়ে মমতার নির্বাচনী প্রচার শুরু আজ, ভবানীপুরে হাইভোল্টেজ কর্মিসভা

ঘরের মেয়ে মমতার নির্বাচনী প্রচার শুরু আজ, ভবানীপুরে হাইভোল্টেজ কর্মিসভা

ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ে নিজের ঘর ভবানীপুর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা ৭টায় চেতলার অহীন্দ্র মঞ্চে একটি মেগা কর্মিসভার ডাক দেওয়া হয়েছে। এই সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয় কাউন্সিলরদের উপস্থিত থাকার কথা রয়েছে। হাইভোল্টেজ এই কেন্দ্র থেকে প্রচার শুরুর মাধ্যমে দলনেত্রী কর্মীদের নির্বাচনী রণকৌশল ও দিশা প্রদান করবেন।

এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে এসআইআর থেকে প্রায় ৪৫ হাজার মানুষের নাম বাদ পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। রবিবারের সভায় এই ইস্যুটিকে হাতিয়ার করে কীভাবে প্রচার চালানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কোনো প্ররোচনায় পা না দিয়ে নিজস্ব ছন্দে ঘাসফুল শিবিরের প্রচার এগিয়ে নেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছে। স্থানীয় স্তরে ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানকে সামনে রেখে হোর্ডিং ও ব্যানারে ছয়লাপ হয়েছে এলাকা।

দলের পক্ষ থেকে এবার দুয়ারে জনসংযোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে বারবার প্রতিটি বাড়িতে গিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে। সোমবার থেকে জেলা সফরে বেরোনোর আগে নিজের কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মেগা প্রচার অভিযান শুরু করছেন। প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী বিরোধী প্রার্থীর উপস্থিতিতে ভবানীপুর কেন্দ্রটি এখন রাজনৈতিক মহলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *