ঘরে বসেই ভোটার সমস্যার সমাধান মিলবে

রাজ্যের ভোটারদের জন্য বিরাট সুখবর। এখন থেকে ভোটার তালিকায় নাম সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হবে ঘরে বসেই। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল এই ডিজিটাল পরিষেবা চালু করেছে। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতির সমন্বয়ে গঠিত এই ট্রাইব্যুনালের মূল দপ্তর কলকাতার জোকায় হলেও, সাধারণ মানুষকে আর সশরীরে মহানগরে ছুটতে হবে না।
নির্বাচন কমিশনের ইসিআইনেট (ECINet) মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেই ভোটাররা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথিপত্র নিজ নিজ জেলার ডিএম (DM) বা এসডিও (SDO) অফিসে জমা দিলেই তা ট্রাইব্যুনালের কাছে পৌঁছে যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ট্রাইব্যুনালের কাজে নির্বাচন কমিশন কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আপাতত ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে এবং চার দফায় অতিরিক্ত তালিকা প্রকাশের কাজ চলছে। সশরীরে যাতায়াতের ঝক্কি কমিয়ে প্রযুক্তির মাধ্যমেই এখন থেকে আইনি প্রতিকার পাবেন বাংলার প্রতিটি প্রান্তের ভোটাররা।