ঘৃণা ছড়ালেই ১০ বছরের জেল! কড়া আইন আনছে এই রাজ্য সরকার

ঘৃণা ছড়ালেই ১০ বছরের জেল! কড়া আইন আনছে এই রাজ্য সরকার

দেশের বুকে ঘৃণা ভাষণ বা ‘হেট স্পিচ’ রুখতে এবার নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিতে চলেছে তেলঙ্গানা সরকার। রবিবার বিধানসভায় পেশ করা হয়েছে ‘তেলঙ্গানা ঘৃণামূলক ভাষণ ও অপরাধ (প্রতিরোধ) বিল ২০২৬’। প্রস্তাবিত এই আইনে ঘৃণা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হলে অপরাধীকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। কর্ণাটকের পর তেলঙ্গানা হতে চলেছে দেশের দ্বিতীয় রাজ্য, যারা এই ধরনের বিশেষ আইন কার্যকর করতে চলেছে।

মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির নির্দেশে বিধানসভায় এই বিলটি পেশ করেন বিধায়ক ডি শ্রীধর বাবু। বিলে স্পষ্ট জানানো হয়েছে, শান্তি বিঘ্নিত করা বা বিভেদ সৃষ্টি করার মতো অপরাধের ক্ষেত্রে ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে দিতে হবে ৫০ হাজার টাকা জরিমানা। তবে একই অপরাধ যদি কেউ বারবার করেন, সেক্ষেত্রে শাস্তির মাত্রা বেড়ে হবে ১০ বছর জেল এবং ১ লক্ষ টাকা জরিমানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আইনের আওতায় সমস্ত অপরাধ হবে জামিন অযোগ্য।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান আইনি কাঠামোয় আধুনিক সময়ের হানা-হানি ও বিদ্বেষমূলক পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে। দাঙ্গা ও সামাজিক সংঘাত রুখতেই গত ২৩ মার্চ মন্ত্রিসভায় এই বিলের অনুমোদন দেওয়া হয়েছিল।

পাশাপাশি, এদিন বিধানসভায় রাজ্যের প্রায় ৪২ লক্ষ গিগ ওয়ার্কার্স বা প্ল্যাটফর্ম ভিত্তিক কর্মীদের সামাজিক সুরক্ষার জন্য একটি বিশেষ বিল পেশ করা হয়েছে। এর ফলে ডেলিভারি বয় বা রাইড শেয়ারিং অ্যাপের কর্মীদের জন্য একটি নির্দিষ্ট কল্যাণ বোর্ড ও তহবিল গঠন করা হবে। উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে কর্ণাটক সরকার দেশে প্রথম এই ধরনের কঠোর ঘৃণা বিরোধী আইন পাস করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *