ঘোষিত হল আইপিএলের মেগা সূচি মুম্বইয়ের ডেরায় অভিযান শুরু করছে কেকেআর

ঘোষিত হল আইপিএলের মেগা সূচি মুম্বইয়ের ডেরায় অভিযান শুরু করছে কেকেআর

চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই এবার ক্রিকেট দুনিয়ার নজর আইপিএলের ১৯তম সংস্করণে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগের প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল অভিযান শুরু করছে ২৯ মার্চ। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের ঘরের মাঠে খেলতে নামবেন অজিঙ্কা রাহানেরা। তবে কেকেআর সমর্থকদের জন্য সুখবর হল, এরপরই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টানা তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে কলকাতা। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে প্রথম হোম ম্যাচ খেলবে নাইটরা। এরপর ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে তারা।

অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ গুয়াহাটিতে, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ৩১ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে পাঞ্জাব কিংস। আইপিএল কর্তৃপক্ষ আপাতত ১২ এপ্রিল পর্যন্ত প্রথম ২০টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়েছিলেন যে ১২ মার্চের মধ্যে সূচি জানানো হবে, সেই অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই তালিকা প্রকাশ করল বোর্ড।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ বিচার করেই টুর্নামেন্টের বাকি সূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। নিরাপত্তাজনিত কারণে ভোটের নির্ঘণ্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে আইপিএল কর্তৃপক্ষ। তবে ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর হল, এবারের আইপিএলের ফাইনাল ও দুটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে।

আইপিএল ২০২৬: কেকেআরের প্রথম পর্বের নির্ঘণ্ট

২৯ মার্চ: বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই)

২ এপ্রিল: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)

৬ এপ্রিল: বনাম পাঞ্জাব কিংস (কলকাতা)

৯ এপ্রিল: বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *