চড়া রোদ উপেক্ষা করে হেঁটেই প্রচার, ফিটনেসে তরুণদের টেক্কা দিচ্ছেন বঙ্কিম-সমীর

দক্ষিণ ২৪ পরগনার নির্বাচনী ময়দানে বয়সের বাধা কাটিয়ে নজর কাড়ছেন দুই প্রবীণ তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা ও সমীরকুমার জানা। সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমবাবু সাগর এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরবাবু পাথরপ্রতিমা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তীব্র দাবদাহে অনেক প্রার্থী হুডখোলা গাড়ি বা টোটোর সাহায্য নিলেও, এই দুই বর্ষীয়ান নেতা মাইলের পর মাইল পায়ে হেঁটেই জনসংযোগ সারছেন।
নির্বাচনী প্রচারের চাপে সময় বাঁচাতে নবীন প্রার্থীরা যেখানে যান্ত্রিক বাহনের ওপর নির্ভরশীল, সেখানে এই দুই প্রার্থীর কাছে পদযাত্রাই জনসংযোগের মূল মাধ্যম। তাঁদের মতে, হেঁটে মানুষের দুয়ারে পৌঁছালে স্থানীয় সমস্যা ও অভাব-অভিযোগ সরাসরি অনুধাবন করা সম্ভব হয়। বয়সের ভারকে তুড়ি মেরে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে।
সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম প্রচার চালালেও ক্লান্তির লেশমাত্র নেই তাঁদের চোখেমুখে। বঙ্কিমবাবু জানান, সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া এবং ভালোবাসা সব ক্লান্তি দূর করে দিচ্ছে। অন্যদিকে, মানুষের সঙ্গে কথা বলাকেই নিজের জীবনীশক্তি হিসেবে দেখছেন সমীরবাবু। ফিটনেসের এই অনন্য নজির গড়ে নতুন প্রজন্মের প্রার্থীদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছেন দক্ষিণ ২৪ পরগনার এই দুই প্রবীণ যোদ্ধা।