‘চলো আক্রমণ করি’ ট্রাম্পের পাশেই থতমত খেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান-আমেরিকা যুদ্ধের ২৫তম দিনে এসে বিস্ফোরক দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি আঙুল তুললেন নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দিকে। ট্রাম্পের দাবি, হেগসেথই প্রথম ইরান আক্রমণের উস্কানি দিয়েছিলেন। পাশে বসে থাকা খোদ প্রেসিডেন্টের মুখ থেকে এমন কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে যান হেগসেথ।
যুদ্ধে উস্কানিদাতা কে?
ট্রাম্প জানান, পরমাণু অস্ত্র ঠেকাতেই হেগসেথ নাকি বলেছিলেন, “চলো আক্রমণটা করেই ফেলি।” যুদ্ধের বিশাল খরচ এবং বিশ্ববাজারে তেলের আকাশছোঁয়া দাম নিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প চাপের মুখে, ঠিক তখনই তিনি দায়ভার চাপালেন নিজের ‘অ্যাটাক ডগ’ খ্যাত প্রতিরক্ষামন্ত্রীর ওপর।
কে এই পিট হেগসেথ?
ফক্স নিউজের প্রাক্তন সঞ্চালক এবং সাজানো সেনা কর্মকর্তা হেগসেথ শুরু থেকেই ইরানের বিরুদ্ধে কট্টর অবস্থান নিয়েছিলেন। তবে তার নিয়োগ নিয়ে কম বিতর্ক হয়নি। যৌন হেনস্থা এবং মদ্যপানের অভিযোগে বিদ্ধ হেগসেথের নিয়োগ নিশ্চিত করতে খোদ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে টাই-ব্রেকার ভোট দিতে হয়েছিল।
যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ট্রাম্পের হাতের বাইরে চলে যাচ্ছে। হরমোজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ব অর্থনীতিতে যে মন্দার কালো মেঘ ঘনাচ্ছে, তার দায় এড়াতেই কি ট্রাম্প নিজের বিশ্বস্ত সহযোগীকে বলির পাঁঠা বানাচ্ছেন? প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।