চাঁদের পথে রাজকীয় ভূরিভোজ! পাউরুটি বাদ পড়লেও নাসার খাদ্যতালিকায় পাকা আম ও ৪৩ কাপ কফি

মহাকাশ অভিযান মানেই রোমাঞ্চ, আর সেই রোমাঞ্চের সঙ্গী হিসেবে এবার চাঁদের পথে পাড়ি দিচ্ছে এলাহি মেনু। আর্টেমিস-টু অভিযানে অংশ নেওয়া চার মহাকাশচারীর জন্য ১০ দিনের বিশেষ খাদ্যতালিকা চূড়ান্ত করেছে নাসা। তবে নিরাপত্তার খাতিরে এই তালিকায় জায়গা হয়নি সাধারণ পাউরুটির। মাইক্রোগ্র্যাভিটির পরিবেশে পাউরুটির গুঁড়ো মহাকাশযানের যন্ত্রপাতির ক্ষতি করতে পারে, তাই বিকল্প হিসেবে রাখা হয়েছে মেক্সিকান টর্টিলা।
দশ দিনের এই মিশনে কম্যান্ডার রিড ওয়াইজ়মান ও তাঁর দলের জন্য মাথাপিছু সর্বোচ্চ ৪৩ কাপ কফি বরাদ্দ করা হয়েছে। এছাড়া পানীয়র তালিকায় রয়েছে গ্রিন টি, ম্যাঙ্গো-পিচ স্মুদি, লেমনেড এবং স্ট্রবেরি ব্রেকফাস্ট ড্রিঙ্ক। ওরিয়ন ক্যাপসুলে সংরক্ষিত এই খাবারগুলি মূলত ‘ফ্রিজ-ড্রায়েড’ ও ‘থার্মোস্টেবিলাইজড’ পদ্ধতিতে তৈরি, যা মহাকাশচারীরা জল মিশিয়ে বা সরাসরি প্যাকেট থেকে খেতে পারবেন।
খাদ্যতালিকায় স্বাদের বৈচিত্র্য আনতে রাখা হয়েছে পাঁচ ধরনের ঝাল সস, পিনাট বাটার, ম্যাপল সিরাপ এবং মধু। ফলের মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে পাকা আম। প্রধান খাবারের তালিকায় রয়েছে বারবিকিউ বিফ ব্রিসকেট, ব্রেকফাস্ট সসেজ, ব্লুবেরি গ্রানোলা এবং ব্রকলি ও’গ্রাটিন। মহাকাশচারীদের পুষ্টির চাহিদা মেটাতে প্রতিটি পদ নাসার কঠোর স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত করা হয়েছে।
মিষ্টিমুখের জন্য থাকছে পুডিং, কবলার, কেক ও কুকিজ়ের মতো ছয় ধরনের ডেজার্ট। মহাকাশচারীদের শারীরিক ওজন ও ক্যালরির প্রয়োজন অনুযায়ী এই খাবারের পরিমাণ আগেভাগেই নির্ধারণ করা হয়েছে। মহাকাশের প্রতিকূল পরিবেশে সুস্থ থাকতে এবং কর্মক্ষমতা বজায় রাখতেই এমন সুশৃঙ্খল ও মুখরোচক মেনু সাজিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।