চাঁপদানিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে: ‘বহিরাগত’ প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ও হাতাহাতি

হুগলির চাঁপদানি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ সিংকে কেন্দ্র করে দলীয় কোন্দল প্রকাশ্যে এল। শুক্রবার রাতে ‘বহিরাগত প্রার্থী মানছি না’ লেখা পোস্টার ও ব্যানার লাগানোকে কেন্দ্র করে পদ্ম শিবিরের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, উভয় পক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছে।
বিক্ষুব্ধ কর্মীদের দাবি, গত নির্বাচনে পরাজয়ের পর দিলীপ সিং এলাকার মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। তাঁরা কোনো ‘ভূমিপুত্র’কে প্রার্থী হিসেবে চাইছেন। বিক্ষোভকারীরা প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলে ‘গো ব্যাক’ স্লোগান দেন। পাল্টা গোষ্ঠী ব্যানার ছিঁড়ে ফেললে সংঘর্ষ শুরু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী অরিন্দম গুইনের মতে, বিজেপি নিজেদের অন্তর্দ্বন্দ্বে জেরবার এবং তাদের প্রার্থীকে সারা বছর এলাকায় দেখা যায় না। নির্বাচনের মুখে গেরুয়া শিবিরের এই বিশৃঙ্খলা ও গোষ্ঠীদ্বন্দ্ব সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।