চাকদহে আয়কর হানা: সাতসকালে প্লাইউড ব্যবসায়ীর বাড়ি ও কারখানায় তল্লাশি

নদিয়ার চাকদহে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ডেরায় হানা দিল আয়কর দপ্তর। বৃহস্পতিবার ভোরে চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে পৌঁছান চারজন আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে এই ঝটিকা অভিযান চালানো হয়, যা ঘিরে সাতসকালেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তদন্তকারীরা টোটন দত্তকে সঙ্গে নিয়ে তাঁর বসতবাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক কারখানাতেও তল্লাশি চালান। স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যবসায়ীর এলাকায় একাধিক প্লাইউড কারখানা ও বিপণি রয়েছে। দীর্ঘদিনের পরিচিত এই ব্যবসায়ীর নথিপত্র খতিয়ে দেখতে আধিকারিকরা দীর্ঘক্ষণ অভিযান জারি রাখেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে রেখেছিলেন।
আয়কর দপ্তরের পক্ষ থেকে এই অভিযানের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট করা হয়নি। তবে প্রাথমিক অনুমান, কোনো বড়সড় আর্থিক অসঙ্গতি বা কর ফাঁকির অভিযোগেই এই তল্লাশি চালানো হচ্ছে। ব্যবসায়ী টোটন দত্ত কোনো আর্থিক জালিয়াতির সঙ্গে যুক্ত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। হঠাৎ এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ধোঁয়াশা ও উদ্বেগ তৈরি হয়েছে।